দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির লক্ষ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিতে মেডিকেল কলেজে আসন সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় বিভিন্ন অংশীজনের মতামত এসেছে। তবে তা এক হাজার, নাকি ছয়শ’—এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সভায় এটি নির্ধারিত হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সোমবার (২০ অক্টোবর) রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি-বেসরকারি মেডিকেলে আসন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’
‘মন্ত্রণালয়ের মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মেডিকেল শিক্ষার মান বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা নেয়ার জন্য সভায় মতামত এসেছে। প্রতিটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান সুযোগ-সুবিধা বিবেচনা ও বিশ্লেষণ করে যতজন শিক্ষার্থীর মানসম্মত মেডিকেল শিক্ষা নিশ্চিত করা যাবে, তার অধিক শিক্ষার্থী নেওয়া উচিত হবে না—এ মর্মে সিদ্ধান্ত হয়েছে। সেই সংখ্যাটি কত, তা আগামী সপ্তাহের মন্ত্রণালয়ের সভায় নির্ধারিত হতে পারে’—যোগ করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।
দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
এর আগে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন ছিল চার হাজার ৩৫০টি।
